‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার পূরণ না করায় বিএনপির কঠোর সমালোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর বিএনপি বারবার বলেছে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু ছয় মাসে সনদের একটি অক্ষরও তারা বাস্তবায়ন করেনি। বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু তারা এখন ভিলেনে পরিণত হয়েছে।
তাজুল ইসলাম বলেন, বিএনপি তাদের ৩১ দফার প্রথম দফার সঙ্গে বেইমানি করে জাতীয় আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াচ্ছে।
সংসদে প্রধান বিরোধীদলের ভূমিকারও সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, বিরোধীদলও সংসদে তাদের যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।
সরকারের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে তাজুল ইসলাম বলেন, আমরা এই সরকারের বিরুদ্ধে নই। দেশের স্বার্থে দরকার হলে আবারও বিএনপিকে নির্বাচিত করবো, তাও আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করুন।
জাতীয় সংস্কার ও জুলাই সনদ নিয়ে জনগণের যে আস্থা তৈরি হয়েছে, তা রক্ষায় দ্রুত আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
টিআইএস