ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিউঝো ইন্ডাস্ট্রি লিমিটেডের বিরুদ্ধে ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকা ভ্যাট ফাঁকি উদ্ঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূসক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
রোববার এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এনবিআর জানায়, গত ৩ আগস্ট মূসক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল জিউঝো ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রাঙ্গণে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন বাণিজ্যিক দলিল ও নথিপত্র জব্দ করা হয়।
পরে জব্দ করা নথিপত্র পর্যালোচনা এবং প্রতিষ্ঠানের হিসাব যাচাই করে ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া যায়। ব্যাটারি উৎপাদন ও বিক্রয়ের বিপরীতে প্রতিষ্ঠানটি ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে বলে জানিয়েছে এনবিআর।
এনবিআর আরও জানায়, সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে প্রকৃত তথ্য গোপন করে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিল।
ফাঁকি দেওয়া রাজস্ব আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভ্যাট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরবর্তী আইনি ও বিচারিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রাজস্ব ফাঁকি রোধে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে এনবিআর।