ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আইনি লড়াই করতে চান এক বিদেশি আইনজীবী। গ্রায়াম এল হল নামের আইনজীবী বাংলাদেশে মামলা পরিচালনার অনুমতি চেয়ে ইতোমধ্যে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন।
গত ২৪ আগস্ট বার কাউন্সিলের সচিবের কাছে এ আবেদন করেন গ্রায়াম এল হল। রোববার বিষয়টি সালমান এফ রহমানের একজন আইনজীবী নিশ্চিত করেছেন।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছিল।
২০২৫ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলের কাছে আসামিপক্ষের হয়ে আবেদনটি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।
মামলার অভিযোগ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় সালমান এফ রহমান ও আনিসুল হকের ফোনালাপে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ বিষয়ে কথা বলা হয়েছিল। তাঁদের উসকানিমূলক বক্তব্যের পর ২০২৪ সালের ১৯ জুলাইসহ পরবর্তী সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত বছরের ৪ ডিসেম্বর তাঁদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হয়ে সালমান এফ রহমান ও আনিসুল হক বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।
এফএস