রাজধানীর খুচরা বাজারে প্রায় এক মাস ধরে ফার্মের মুরগির ডিমের দাম উর্ধ্বমুখী। ডজনপ্রতি ডিম এখনো বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬৫ টাকায়। এর মধ্যেই নতুন করে বেড়েছে চিনি, আটা ও ময়দার দাম। গত এক সপ্তাহের ব্যবধানে খোলা চিনির দাম কেজিতে আরও ৫ টাকা বেড়ে স্থানভেদে ১১৫ থেকে ১২০ টাকায় ঠেকেছে। পাশাপাশি বাজারে মোড়কজাত চিনির সরবরাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা।
তবে ডিম ও চিনির বাজারে অস্বস্তি থাকলেও কিছুটা স্বস্তির খবর এসেছে পেঁয়াজ, রসুন, আমদানি করা আদা ও কিছু সবজির দরপতনে।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর কাপ্তানবাজার, কাওরান বাজার, মুগদা, মানিকনগর, খিলগাঁও ও মতিঝিল এলাকার নিত্যপণ্যের বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে এমন চিত্র পাওয়া গেছে।
বাজারের হালচাল পর্যালোচনা করে দেখা যায়, বর্তমানে ফার্মের মুরগির প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। তবে হালি হিসেবে কিনতে গেলে খরচ করতে হচ্ছে ৫৫ টাকা, সে হিসাবে ডজনের দাম পড়ে ১৬৫ টাকা। ডিমের পাশাপাশি চড়া ব্রয়লার মুরগির বাজারও, বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকায়।
ডিম ও মুরগির মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) মহাসচিব এম সাফির রহমান জানান, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দেশের অসংখ্য লেয়ার খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং মুরগি ও ডিম ভেসে যাওয়ায় বাজারে সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়েছে।
বাজারে খোলা চিনির পর্যাপ্ত জোগান না থাকায় দাম দ্রুত বাড়ছে। মুগদা বাজারের একাধিক মুদিদোকান ঘুরে খুব কম দোকানেই মোড়কজাত চিনির দেখা মিলেছে।
বিক্রেতারা জানান, মূলত মিলগেট ও পাইকারি পর্যায়ে বস্তাপ্রতি চিনির দাম প্রায় ৬৫০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।
মানিকনগর বাজারে কেনাকাটা করতে আসা ভুক্তভোগী ক্রেতারা জানান, প্যাকেটজাত চিনি না পেয়ে বাধ্য হয়ে কেজিতে ১৫ টাকা বাড়তি দামে খোলা চিনি কিনতে হচ্ছে। অন্যদিকে ক্রেতা ধরে রাখতে অনেক খুচরা বিক্রেতা লোকসান গুনে খোলা চিনি বিক্রি করছেন বলে দাবি করেছেন।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, এক সপ্তাহের ব্যবধানে খোলা আটা ও ময়দার দাম কেজিতে প্রায় ৩ টাকা বেড়েছে। বর্তমানে খোলা আটা ৪৮ থেকে ৫০ টাকা এবং খোলা ময়দা ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে স্বস্তির বিষয় হলো, কেজিতে ৫ টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। এছাড়া দেশি ও আমদানি করা রসুন এবং আদার দাম কেজিতে প্রায় ৩০ টাকা পর্যন্ত কমেছে। বেশিরভাগ সবজির কেজি এখন ১০০ টাকার নিচে থাকলেও কাঁচা মরিচ ও টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা দরে।
এসএ