বাংলাদেশ পুলিশে নতুন করে ৪ হাজার নিরস্ত্র সাব-ইন্সপেক্টর (এসআই), ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সব মিলিয়ে পুলিশের জনবল বাড়াতে ১৪ হাজার ৪০০ নতুন পদ সৃজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের আগে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের জনবল বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার নিরস্ত্র এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদ সৃজিত হলে দেশের অন্যান্য এলাকার পাশাপাশি রংপুর জেলাতেও পুলিশের জনবল বাড়বে।
এর আগে চলতি বছরের মার্চে ৪ হাজার নিরস্ত্র এসআই পদ সৃজনের প্রস্তাব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সময়ে ১০ হাজার কনস্টেবল নিয়োগের প্রক্রিয়াও এগিয়ে নেওয়ার কথা জানানো হয়েছিল।
পাঁচ বছরে যানবাহন ও জলযানের ঘাটতি পূরণস্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি পূরণ করা হবে। উন্নত অর্গানোগ্রাম ও সরঞ্জামভুক্ত প্রয়োজনীয় যানবাহন ও জলযান রাজস্ব বাজেটের আওতায় কেনা হবে।
পুলিশের জনবল ও সরঞ্জাম বাড়ানোর এ উদ্যোগের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
-টিএস