রাজশাহীর হরিয়ান এলাকায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় আবারও সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে হরিয়ান স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটির ‘ট’ নম্বর বগির দুটি চাকা রেললাইন থেকে ছিটকে যায়।
ট্রেনের এক যাত্রী জানান, চলন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। কিছুক্ষণ পর ট্রেন থেমে গেলে একটি বগি লাইনচ্যুত হওয়ার বিষয়টি জানতে পারেন।
রেলওয়ের এক কর্মকর্তা জানান, কী কারণে বগিটি লাইনচ্যুত হয়েছে, নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
এর আগে মঙ্গলবার ভোরে নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সকাল ৬টা থেকে প্রায় দুই ঘণ্টা রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ছিল।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই হরিয়ানে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত হলো।
এফএস