জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চে পুলিশ সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।
সোমবার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টারে আইজিপির সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতারা সোমবার সন্ধ্যায় আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন। পরে মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে বলেন, লংমার্চ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়েই মূলত আলোচনা হয়েছে। ঢাকা থেকে চারটি রুটে লংমার্চ হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, আইজিপি সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দিয়েছেন।
মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে শুরু হয়ে ফেনী ও মীরসরাই হয়ে চট্টগ্রাম অভিমুখে যাবে ১১ দলের প্রথম লংমার্চ। এরপর ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর সিলেট অভিমুখে পর্যায়ক্রমে আরও তিনটি লংমার্চ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, লংমার্চে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি প্রাধান্য পাবে।
লংমার্চ নিয়ে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলেও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।