দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদের একজন ঢাকা বিভাগের; আরেকজন সিলেটের।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় দেশে ৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সরকারের হিসাবে, হামের উপসর্গ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে ৮৩১ জনের মৃত্যু হলো। এর বাইরে ৯৯ জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৬৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ; সেখানে মারা গেছে ১৩৯ জন।
এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, গেল ২৪ ঘণ্টায় ৮১৫ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৭৫৮ জন।
২৪ ঘণ্টায় ভর্তি রোগীর সংখ্যা ঢাকা বিভাগে ২৬৫ জন, রাজশাহীতে ২২, সিলেটে ৯১, চট্টগ্রামে ১৮৮, বরিশালে ১১০, ময়মনসিংহে ৩৯, খুলনায় ২৭ ও রংপুর বিভাগে ১৬ জন।
এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ২৯ হাজার ৫৮৩ জন। এর মধ্যে ১ লাখ ২৫ হাজার ১৫১ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৮ হাজার ৪০৬। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ২৭৩।
টিআইএস