‘গাটার জেনারেশন’ বা ‘নর্দমা প্রজন্ম’ মন্তব্যকে কেন্দ্র করে বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানওয়াতকে কটাক্ষ করেছিলেন যোগগুরু ও ব্যবসায়ী বাবা রামদেব। এবার তাকে পাল্টা জবাব দিয়েছেন ‘মনিকর্নিকা’খ্যাত এই অভিনেত্রী।
কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে বাবা রামদেবকে উদ্দেশ করে লেখেন, “বাবাজি, আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না। গুঞ্জন বা গসিপের ওপর ভিত্তি করে যে কেউ কেবল অনুমানই করতে পারে।”
তিনি আরও বলেন, “মিথ্যা বা প্রতারণামূলক চিকিৎসা কার্যক্রমের জন্য সুপ্রিম কোর্ট কখনো আমাকে ভর্ৎসনা করেনি। সুতরাং আমাকে চরিত্র গঠনের জ্ঞান দেবেন না। আপনার চেয়ে তো আমার চরিত্র অনেক ভালো। এখানে কোনো প্রতারণা ধরা পড়েনি।”
মূলত, বাবা রামদেবের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে এ বিতর্কের সূত্রপাত। টিভি৯কে দেওয়া ওই সাক্ষাৎকারে কঙ্গনা রানওয়াতের ‘গাটার জেনারেশন’ মন্তব্য নিয়ে তার মতামত জানতে চাওয়া হয়।
জবাবে রামদেব বলেন, “তার শৈশব কেমন ছিল? তার যৌবন কেমন ছিল? অতীতে তার কর্মকাণ্ড কেমন ছিল? আমি এমন মানুষদের নিয়ে কথা বলতে চাই না। কোনো দেশের তরুণদের ‘গাটার’ বলা বিকৃত মস্তিষ্কের পরিচয়। এটা ভুল।”
কঙ্গনার রাজনৈতিক দল বিজেপির সদস্যদেরও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন রামদেব।
সাক্ষাৎকারে তাকে মনে করিয়ে দেওয়া হয়, কঙ্গনা তার যোগাভ্যাসের অনুরাগী। শুধু তা-ই নয়, নিজেকে সনাতনী বলেও পরিচয় দেন এই অভিনেত্রী। এর জবাবে রামদেব বলেন, “কেউ আমার যোগের প্রশংসা করলেই আমি তার পাপকাজ ঢেকে রাখব?”
রাজনীতির পাশাপাশি অভিনয়েও ব্যস্ত রয়েছেন কঙ্গনা। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’। ২০০৮ সালের মুম্বাই হামলার সময় কামা হাসপাতালের সাহসী নার্স ও কর্মীদের ভূমিকা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। জি-ফাইভে মুক্তি পেয়েছে এটি। এ ছাড়া আরও দুটি সিনেমার কাজ হাতে রয়েছে কঙ্গনার।
-টিএস