শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালুর বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে ভাবছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে তথ্যপুস্তক পর্যালোচনা বিষয়ক ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষকদের জীবনমান উন্নয়ন নিয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সরকার গুরুত্বের সঙ্গে চিন্তা করছে। বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে নানা প্রস্তাব আসায় এ বিষয়ে আলোচনা চলছে।
তিনি বলেন, শিক্ষকদের বেতন অন্য কোনো পেশার সঙ্গে তুলনা করে নির্ধারণ করা উচিত নয়। জাতি গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা বিবেচনায় নিয়ে তাঁদের জন্য একটি স্বতন্ত্র বেতন কাঠামো প্রয়োজন।
ড. মিলন বলেন, শিক্ষকদের পে স্কেল আলাদা হওয়া উচিত। অন্যদের সঙ্গে তুলনা করে এটা করা উচিত নয়। কম হোক, বেশি হোক—শিক্ষকদের সঙ্গে কারও তুলনা চলে না।
শিক্ষকদের মর্যাদার প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদে একজন বিরোধী দলীয় সংসদ সদস্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নিয়ে যে তুলনা করেছিলেন, তা শিক্ষকদের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
শিক্ষকদের জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁদের শুধু বেতন-ভাতা নয়, পেশাগত মর্যাদা ও জীবনমান উন্নয়নের বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। শিক্ষকরাই জাতির ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। তাই তাঁদের অন্য কোনো পেশার সঙ্গে তুলনা না করে স্বতন্ত্র মর্যাদার জায়গা থেকে মূল্যায়ন করা প্রয়োজন।
দ্রুত শিক্ষক নিয়োগের উদ্যোগ
দেশে শিক্ষক সংকটের বিষয়টিও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিপুলসংখ্যক শিক্ষক প্রয়োজন। প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকসহ বিভিন্ন পদ শূন্য রয়েছে।
তিনি জানান, ২০১৭ সাল থেকে সংশ্লিষ্ট মামলা ও প্রশাসনিক জটিলতার কারণে নিয়োগপ্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। বর্তমানে দ্রুত শিক্ষক নিয়োগের বিষয়ে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
মন্ত্রী বলেন, প্রতিষ্ঠান এভাবে চলতে পারে না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। শিক্ষক নিয়োগ কত দ্রুত করা যায়, সে বিষয়ে কাজ করছি।
কারিগরি শিক্ষায় গুরুত্ব
দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষা ও জীবনব্যাপী শিক্ষার সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সরকার কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করছে।
অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।
আরএন