ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জুলাই গণঅভ্যুত্থানের পর পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:৫৮ পিএম
X
Advertisement

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের কয়েকটি কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ৬৯০ জন বন্দি এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তাদের মধ্যে ১৬৬ বন্দির কোনো তথ্যই খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর বকশীবাজারে কারা অধিদফতরে সমসাময়িক ঘটনা ও কারা অধিদফতরের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

কারা মহাপরিদর্শক বলেন, ২০২৪ সালে বিভিন্ন কারাগার থেকে ২ হাজার ২৪৭ জন বন্দি পালিয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে ৬৯০ জন এখনও পলাতক। নরসিংদী কারাগার ভেঙে পালানো ৮২৬ বন্দির মধ্যে ১৬৬ জনের তথ্য কারা কর্তৃপক্ষের কাছে নেই।

তিনি জানান, কারাগার থেকে নয়জন জঙ্গি বন্দিও পালিয়েছিল। তাদের মধ্যে ছয়জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি তিনজন এখনও পলাতক।

ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি

কারা মহাপরিদর্শক বলেন, দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি রয়েছে। ফলে আবাসন সংকট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে জঙ্গি বন্দিদের আলাদা করে রাখাও সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, কারা বিভাগের লক্ষ্য শুধু কারাগার পরিচালনা করা নয়। নিরাপত্তার পাশাপাশি বন্দিদের সংশোধন ও পুনর্বাসন এবং কারা কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা, দক্ষতা ও কল্যাণকে সমান গুরুত্ব দিয়ে একটি আধুনিক সংশোধনমূলক সেবা ব্যবস্থা গড়ে তোলার ভিত্তি তৈরি করা হচ্ছে।

‘ক্যাশলেস’ হচ্ছে কারাগার

গত ২৪ জুন থেকে ময়মনসিংহ জেলা কারাগারকে ‘ক্যাশলেস’ কারাগার হিসেবে পরিচালনা করা হচ্ছে বলে জানান আইজি প্রিজন। এর ফলে কারাগার ব্যবস্থাপনায় আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে।

একই সঙ্গে কারা প্রশাসনের কার্যক্রম গতিশীল করতে সদর দফতর ও বিভাগীয় পর্যায়ের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে বলেও জানান তিনি।

অনুমোদন হয়েছে ১,৮৯৯ নতুন পদ

দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে এরই মধ্যে ১ হাজার ৮৯৯টি নতুন পদ অনুমোদন করা হয়েছে। আরও ১ হাজার ৫০০টি পদের চাহিদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

কারা মহাপরিদর্শক বলেন, নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, প্রতিযোগিতামূলক, মেধাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ফলে অনিয়ম ও দালালচক্রের সুযোগ কমানোর পাশাপাশি বিভিন্ন পর্যায়ে ভুয়া পরীক্ষার্থী শনাক্ত করাও সম্ভব হয়েছে।

কারা বিভাগে নিয়োগের ক্ষেত্রে মেধা, যোগ্যতা, সততা ও কর্মদক্ষতাকে প্রধান বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

চালু হয়েছে নতুন ১০ কারাগার

অতিরিক্ত বন্দির চাপ কমানো এবং কারাগারের ব্যবস্থাপনা সক্ষমতা বাড়াতে নতুন কারাগার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে দুটি কেন্দ্রীয় কারাগার ও আটটি জেলা কারাগার চালু করা হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement