ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দেশে গণিতচর্চা বাড়াতে যে কোনো ধরনের সহযোগিতা দেওয়া হবে: প্রধানমন্ত্রী
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:২১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বাড়াতে যে কোনো ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের (ইজিএমও) বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

সাক্ষাৎকালে পদকজয়ী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশলবিনিময় করে। তারা গণিত অলিম্পিয়াডে তাদের অংশগ্রহণ, অভিজ্ঞতা ও অর্জনের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান।

এসময় বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের (বিজিএমএফ) পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়। প্রধানমন্ত্রী এ উদ্যোগে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের জন্য একটি তহবিল গঠনের প্রস্তাব করা হলে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে অর্থায়নে তাৎক্ষণিক সম্মতি জানান।

এছাড়া বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির (বিডিএমও) পক্ষ থেকে স্কুল পর্যায়ে কার্যক্রমভিত্তিক গণিত চালুর প্রস্তাব করা হলে প্রধানমন্ত্রী তাতেও সম্মতি জানান।

স্কুল শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ের জন্য ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের আইইএলটিএস পরীক্ষার আদলে একটি পৃথক গণিত দক্ষতা যাচাই পরীক্ষা চালুর প্রস্তাবও উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তা দেওয়া হবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, আইএমওর জাতীয় কোচ মাহবুবুল আলম মজুমদার, বিজিএমএফ চেয়ার অধ্যাপক সাদিয়া হামিদ কাজী এবং বিডিএমও সদস্য মো. আব্দুল হাকিম খান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আইএমও ব্রোঞ্জ পদক ও ইজিএমও ব্রোঞ্জ পদকজয়ী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মনামী জামান, আইএমও রৌপ্য পদকজয়ী চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মো. রায়হান সিদ্দিকী, আইএমও ব্রোঞ্জ পদকজয়ী ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থী জাওয়াদ হামীম চৌধুরী, আইএমও ব্রোঞ্জ পদকজয়ী ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোহাম্মদ মারজুক রহমান, আইএমও ব্রোঞ্জ পদকজয়ী আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী তাহসিন খান, আইএমও ব্রোঞ্জ পদকজয়ী রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এম জামিউল হোসেন এবং ইজিএমও ব্রোঞ্জ পদকজয়ী রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাজি সেহনাই।

টিআইএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝