দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম-সংক্রান্ত রোগে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮০ জনে।
মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৮ জন এবং সন্দেহজনক হামে ৭৮২ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া, নতুন করে ১০৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭২ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ১ লাখ ৩৮ হাজার ১৮৪ জন। অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৭ হাজার ৩৮৫ জন।
আরএন