পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামীকাল বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিন স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে কোনো একাডেমিক কার্যক্রম চলবে না।
বুধবার পবিত্র আখেরি চাহার সোম্বা। বাংলাদেশসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালন করা হয়। যদিও আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশে সরকারি সাধারণ ছুটি নেই, তবে সরকারি ছুটির তালিকায় এ দিনটি ঐচ্ছিক ছুটি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, আখেরি চাহার সোম্বা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি রাখা হয়েছে। এর ফলে বুধবার দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় এবং এর অধীন সব কলেজ বন্ধ থাকবে। একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ছুটির বিষয়ে পৃথক নোটিশ জারি করেছে।
এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে বুধবার আখেরি চাহার সোম্বা উপলক্ষে ছুটি ঘোষণা করেছে।
ছুটি শেষে পরবর্তী কর্মদিবসে যথারীতি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম শুরু হবে।