ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকায়
নেপথ্যে চীন-রাশিয়া কূটনৈতিক তৎপরতা ও দিল্লির বার্তা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৩:৩৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। এটি তার প্রথম বাংলাদেশ সফর। 

বৃহস্পতিবার ঢাকায় তার পৌঁছানোর তথ্য নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এই কূটনীতিকের সফরকে কেন্দ্র করে কূটনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতুহল ও গুরুত্ব তৈরি হয়েছে।

গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর থেকেই বাংলাদেশের কূটনৈতিক তৎপরতায় নতুন গতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর চীন সফর, পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর আন্তর্জাতিক মহলে বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে এক ধরনের নতুন সমীকরণ তৈরি হয়েছে। ওয়াশিংটন মূলত ঢাকার এই নতুন পররাষ্ট্রনীতি ও তার কৌশলগত অবস্থান স্পষ্ট করতেই অত্যন্ত গুরুত্ব দিয়ে এই সফরের আয়োজন করেছে।

সফরের প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন বিশেষ দূত সার্জিও গর। এতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ পথরেখা নিয়ে বিস্তারিত কথা হবে। সম্প্রতি ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক হয়েছিল, সেখানেও উপস্থিত ছিলেন সার্জিও গর। আজকের বৈঠকে সেই আলোচনার ধারাবাহিকতায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে কথা হবে।

সফরকালে সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেবেন। সফরসূচির অংশ হিসেবে কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে তাঁর।

ঢাকা পৌঁছানোর পর মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‌‌আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সার্জিও গর ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত ছাড়াও ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। এই দ্বৈত ভূমিকার কারণে ঢাকা-দিল্লির বর্তমান সম্পর্ক, বিশেষ করে ভারতের নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে বিএনপি সরকারের সম্পর্কের অগ্রগতি সম্পর্কে তিনি বিশেষভাবে জানতে চাইতে পারেন। এমনকি ভারত সরকারের কোনো গুরুত্বপূর্ণ বারাড়াও তিনি বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

অন্যদিকে, গত কয়েক মাসে বেইজিংয়ের সঙ্গে ঢাকার দৃশ্যমান ঘনিষ্ঠতা এবং মস্কো ও আঙ্কারার সঙ্গে ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ নিয়ে ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি কী, সে বিষয়েও তিনি স্পষ্ট বার্তা দিতে পারেন।

গত ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রশাসনের এটিই প্রথম কোনো সফর নয়। এর আগে মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন। তবে খোদ ট্রাম্পের আস্থাভাজন এবং হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের সাবেক পরিচালক সার্জিও গরের আগমন যুক্তরাষ্ট্রের বাড়তি আগ্রহেরই প্রতিফলন ঘটাচ্ছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement