পাউরুটি উৎপাদনে ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধ এবং বাজারজাতের সময় প্যাকেটের গায়ে ‘পটাশিয়াম ব্রোমেট ব্যবহার হয়নি’ মর্মে ঘোষণা বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) জনস্বার্থে মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের (এমএইচআরজিএফ) পক্ষে সংস্থাটির চেয়ারম্যান কবীর আলমগীর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
রিটে খাদ্য সচিব, বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফেকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি, বিএসটিআই মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কয়েকটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে।
রিটে পাউরুটি উৎপাদন, বাজারজাত ও প্যাকেটজাতের সময় পটাশিয়াম ব্রোমেট ব্যবহার না করার ঘোষণা এবং উপকরণের নাম বাধ্যতামূলকভাবে উল্লেখ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
রিট দায়েরের পর এমএইচআরজিএফের চেয়ারম্যান কবীর আলমগীর বলেন, সম্প্রতি গণমাধ্যমে ‘পাউরুটিতে মিলছে ক্যানসারের উপাদান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের তথ্য যুক্ত করে রিটটি করা হয়েছে।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, যুক্তরাজ্য, চীন, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ বিশ্বের ৪০টি দেশে পটাশিয়াম ব্রোমেট নিষিদ্ধ। বাংলাদেশেও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ২০২২ সালে খাদ্যপণ্যে এর ব্যবহার নিষিদ্ধ করেছে। এরপরও পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বাড়ছে বলে অভিযোগ করেন তিনি।
রিটে বলা হয়, ভেজাল খাদ্যের কারণে দেশের বিপুলসংখ্যক মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। একইসঙ্গে দেশে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আইন ও বিধি না মেনে অপরিকল্পিতভাবে বেকারিতে পাউরুটি উৎপাদনের অভিযোগও করা হয়েছে।
রিটকারীর আইনজীবী সঞ্জয় মণ্ডল বলেন, খাদ্যের মাধ্যমে ক্যানসারের মতো মরণঘাতী রোগের উপাদান মানুষের শরীরে প্রবেশ করুক, তা তারা চান না। পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়েই জনস্বার্থে রিটটি করা হয়েছে।
চলতি সপ্তাহের যেকোনো দিন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী সঞ্জয় মণ্ডল।
রিটে আরও উল্লেখ করা হয়, ২০২১ সালে ঢাকার বিভিন্ন এলাকার ১৯টি পাউরুটির নমুনা পরীক্ষায় ১৬টিতে বা ৮৪ শতাংশে অতিরিক্ত মাত্রায় পটাশিয়াম ব্রোমেট পাওয়া যায়। পরীক্ষায় পাউরুটিগুলোতে পটাশিয়াম ব্রোমেটের মাত্রা ৩ দশমিক ৩১ পিপিএম থেকে ১২ দশমিক ৯১ পিপিএম পর্যন্ত পাওয়া যায়।
-টিএস