রাজধানীর মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তার নাম মো. ওসমান গনি। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ঢাকার ইমিগ্রেশন শাখায় কর্মরত।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর) জোনের সহকারী পুলিশ সুপার (এসি) আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, এটি ছিনতাইয়ের ঘটনা নয়। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়ে থাকতে পারে। হামলায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসি মামুন বলেন, ভুক্তভোগী পুলিশ কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার (২২ জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিটে অজ্ঞাতনামা তিন ব্যক্তি তার মোবাইল ফোনে যোগাযোগ করেন। তারা বাসার গেটের সামনে এসে পাসপোর্ট-সংক্রান্ত বিষয়ে কথা বলেন। ওই ঘটনার সঙ্গে হামলার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও থানার একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে নিয়ে কাঁচাবাজার শেষে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গনি। এ সময় পেছন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি তার পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
আহত হওয়ার পরও ওসমান গনি হামলাকারীকে ধাওয়া করেন। তবে তাকে আটক করতে পারেননি।
পরে আহত অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তার পিঠে গুরুতর জখম হয়েছে। ক্ষতস্থানে অন্তত ৪৩টি সেলাই দেওয়া হয়েছে।
-টিএস