ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি রাজনৈতিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
তিনি আরও জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এ অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনের শরিক দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে আমন্ত্রিতদের কাছে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।
জানা গেছে, যুগপৎ আন্দোলনে জামায়াতে ইসলামী অংশ না নেওয়ায় দলটিকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের পর এই প্রথম যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে রয়েছে গণতন্ত্র মঞ্চের জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ভাসানী জনশক্তি পার্টি; ১২ দলীয় জোটের জাতীয় পার্টি (কাজী জাফর), লেবার পার্টি, কল্যাণ পার্টি, এলডিপি, জমিয়তে উলামায়ে ইসলাম; জাতীয়তাবাদী সমমনা জোটের এনডিএম, জাগপা, ডেমোক্রেটিক লীগ, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি, ইসলামিক পার্টি; গণফোরাম, বাংলাদেশ পিপলস পার্টি, এবি পার্টি; গণতান্ত্রিক বাম ঐক্যের সাম্যবাদী দল (এমএল), সমাজতান্ত্রিক মজদুর পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি), প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি); বাম গণতান্ত্রিক জোটের সিপিবি, বাসদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, সমাজতান্ত্রিক পার্টি, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ ও ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন রাজনৈতিক দল।
দলগুলো ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে বিএনপির সঙ্গে অভিন্ন কর্মসূচির মাধ্যমে যুগপৎ আন্দোলনে অংশ নেয়।
জেবি