শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আগামীকাল বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা জানান, আজ রাতের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। ঘোষণা শেষে তারা উত্তরা বিএনএস সেন্টারসংলগ্ন সড়ক ছেড়ে চলে যান।
একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায়ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে এবং আন্দোলনকারী ও পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিজিবিও মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর পর্যন্ত পাওয়া তথ্যে জানা যায়, শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছেন। একই স্থানে পুলিশও অবস্থান করছে। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীদেরও ঘটনাস্থলের এক পাশে অবস্থান করতে দেখা যায়।
এর আগে, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সোমবার রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন।
পরে তারা টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে অগ্রসর হলে বেলা সোয়া ১টার দিকে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এরপর শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন।