রাত থেকে শুরু হওয়া একটানা তীব্র বৃষ্টিতে নাজেহাল রাজধানীর স্বাভাবিক জনজীবন। এরই মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ঘটেছে এক আকস্মিক দুর্ঘটনা। বৃষ্টির কারণে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরের একটি প্রবীণ গাছ উপড়ে পড়ে কর্মচারীদের একটি বাস চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।
আজ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কিছুক্ষণ আগে কর্মচারীদের ক্যাম্পাসে পৌঁছে দিয়ে শান্ত চত্বরের পাশে পার্কিংয়ের প্রস্তুতি নিচ্ছিল বাসটি। ঠিক তখনই গাছটি উপড়ে বাসটির ওপর আছড়ে পড়ে। এতে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে ঘটনার সময় বাসের ভেতরে কেউ না থাকায় সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে টানা বৃষ্টির কারণে রাজধানীর অনেক জায়গায় মাটির বাঁধন আলগা হয়ে বড় বড় গাছ উপড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে রাস্তায় চলাচলের সময় সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
এসএ