ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজনের উদ্যোগ নিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ধানমন্ডি এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ডিএক্সএসএ)।
শনিবার (১১ জুলাই) বিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন আয়োজনের বিস্তারিত তুলে ধরেন সংগঠনের নেতারা।
আয়োজকরা জানান, ১৮ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য মহা মিলনমেলায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্র্যান্ড গ্লোবাল রিইউনিয়নের আয়োজন করা হবে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের অবদানের স্বীকৃতি, কিংবদন্তি প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা সাবেক শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের সংগীতাঙ্গনের দুই প্রখ্যাত শিল্পী ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফেরদৌস ওয়াহিদ (ব্যাচ-১৯৬৯) এবং জনপ্রিয় ব্যান্ড আর্ক-এর প্রধান কণ্ঠশিল্পী সৈয়দ হাসানুর রহমান হাসান (ব্যাচ-১৯৮৬)। এছাড়া ডিএক্সএসএ’র অ্যাডহক কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ডিএক্সএসএ সদস্য সাব্বির হোসেনের লেখা, সুর করা ও কণ্ঠ দেওয়া একটি আবেগঘন গানের ভিডিও প্রদর্শন করা হয়। গানটিতে স্কুলজীবনের স্মৃতি, বন্ধুদের প্রতি ভালোবাসা এবং শেকড়ে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের গড়ে তুলতে অবদান রাখা শিক্ষকদের সম্মান জানাতে প্রথমবারের মতো ‘হল অব ফেম’ প্রতিষ্ঠা করা হবে। এছাড়া চিকিৎসা, প্রকৌশল, শিল্প-সংস্কৃতি, উদ্যোক্তা, সরকারি সেবা ও অন্যান্য ক্ষেত্রে সফল প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করবেন ফেরদৌস ওয়াহিদ ও আর্ক ব্যান্ডের হাসান।
ফেরদৌস ওয়াহিদ বলেন, “এই স্কুল আমার জীবনের ভিত্তি। ৬০ বছর পূর্তির এই আয়োজনে প্রিয় বিদ্যালয়ের জন্য গান গাইতে পারা আমার জন্য বিশেষ আনন্দের।”
সৈয়দ হাসানুর রহমান হাসান বলেন, “আর্কের প্রতিটি সুরের পেছনে এই স্কুলের অনুপ্রেরণা রয়েছে। ১৮ ডিসেম্বর সেই স্মৃতির কাছে ফিরে যাওয়ার একটি বিশেষ সুযোগ হবে।”
ডিএক্সএসএ’র আহ্বায়ক এহতেশাম এইচ খান বলেন, “ডিএক্সএসএ শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের শিকড়ে ফেরার একটি বন্ধন। ৬০ বছরের এই পথচলাকে স্মরণীয় করে তুলতে আমরা কাজ করছি।”
সংগঠনের সদস্য সচিব মাহফুজ বিন ইউসুফ বলেন, “ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় একটি জীবন্ত উত্তরাধিকার। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করাই আমাদের মূল লক্ষ্য।”
উল্লেখ্য, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অলাভজনক সংগঠন ডিএক্সএসএ বর্তমানে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে।
এসআর