রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ২ হাজার ৮৩৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
শনিবার (১১ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়েছে।
ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-ওয়ারী বিভাগে সর্বোচ্চ ৮৫৭টি মামলা হয়েছে। এ বিভাগে ৫৮টি বাস, ৭৭টি ট্রাক, ৭২টি কাভার্ডভ্যান, ১৪৭টি সিএনজি অটোরিকশা এবং ২৭৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এ ছাড়া ট্রাফিক-মিরপুর বিভাগে ৫২৭টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯৯টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৭৪টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৫৬টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ২৩৯টি, ট্রাফিক-গুলশান বিভাগে ২৩৭টি এবং ট্রাফিক-রমনা বিভাগে ১৪৭টি মামলা করা হয়েছে।
অভিযান চলাকালে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৮৩৪টি যানবাহন ডাম্পিং এবং ৩১৭টি যানবাহন রেকার করা হয়েছে।
রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
-টিএস