টানা কয়েক দিনের বৃষ্টির ধারাবাহিকতা আরও অন্তত দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে।
শনিবার (১১ জুলাই) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
শনিবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে অফিসগামী মানুষ, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, গত তিন থেকে পাঁচ দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। তবে গত ২৪ ঘণ্টায় ওই দুই অঞ্চলে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে।
তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সার্বিকভাবে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করবে।
আবহাওয়াবিদ আরও জানান, রোববার (১২ জুলাই) ও সোমবার (১৩ জুলাই) দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে আসার সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।
-টিএস