দেশের আকাশে সোমবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
সোমবার (১৮ মে) বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সেটি সংবাদমাধ্যমকে জানান ধর্মমন্ত্রী কাজী মো. শাহ মোফাজ্জল হোসাইন।
তিনি বলেন, আজ ২৯ জিলকদ, ১৮ মে সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায় যে, বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
ধর্মমন্ত্রী বলেন, এ অবস্থায় আগামীকাল ১৯ মে থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সেই প্রেক্ষিতে আগামী ১০ জিলহজ, ২৮ মে সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ।
আরএন