পিরোজপুরের কাউখালী উপজেলায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মো. হানিফ খান (২৭) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) দুপুরে উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের উত্তর সুবিদপুর গ্রামের নদীর পাড়ের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হানিফ খান একই এলাকার মো. হোসেন খানের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে হানিফ তার স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের নদীর পাড়ে একটি ছৈলা গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।
স্থানীয় ইউপি সদস্য জয়দেব ঘোষ জানান, গাছের ডালে গলায় রশি পেঁচানো অবস্থায় মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কাউখালী থানার (ওসি তদন্ত) মো. এবাদ আলী মোল্লা বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।”
আরএইচআর/এসআর