২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। সেশনজট নিরসন ও শিক্ষাব্যবস্থাকে স্বাভাবিক ছন্দে ফেরাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
মন্ত্রী বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এসএসসি পরীক্ষা অন্তত চার মাস এগিয়ে আসবে। একইভাবে এইচএসসি পরীক্ষার সময়সূচিও ধাপে ধাপে এগিয়ে আনা হবে।
তিনি আরও বলেন, করোনা পরবর্তী পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতার কারণে পরীক্ষার সময়সূচিতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতেই সরকার এ উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের সমস্যা দূর করতে সরকার বদ্ধপরিকর।
শিক্ষামন্ত্রী জানান, পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
একই কারণে এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তবে এইচএসসি পরীক্ষা কবে শুরু হতে পারে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
এসআর