জাতীয় সংসদের সদস্যদের (এমপি) নিজ নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ করে দিচ্ছে সরকার।
মঙ্গলবার জাতীয় সংসদে এ কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে তিনি জানান।
এই ব্যবস্থা নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিরোধী দল। ধন্যবাদ জানিয়ে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সব সংসদ সদস্যের জন্য সরকারি গাড়ির ব্যবস্থা করার দাবি জানান। তার এ বক্তব্যে টেবিল চাপড়ে সমর্থন জানান অনেকে। গত ৩১ মার্চ নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের বসার জায়গা করে দেওয়ার দাবি জানিয়েছিলেন এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান।
আজ সংসদ অধিবেশনের একপর্যায়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে ফ্লোর নিয়ে বলেন, সংসদ সদস্যদের একটি সম্মানজনক খবর দেওয়ার জন্য তিনি দাঁড়িয়েছেন। দীর্ঘদিন ধরে সংসদ সদস্যদের দাবি ছিল উপজেলা পরিষদে গেলে তাদের বসার কোনো জায়গা থাকে না; তারা কোথাও বসতে পারেন না।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে কয়েক দিন আগে একজন সংসদ সদস্য দাবি করলে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরামর্শক্রমে এ বিষয়ে সরকারি আদেশ জারি করা হয়েছে। প্রতিটি উপজেলা পরিষদের দোতলায় সংযুক্ত বাথরুম, আসবাবপত্রসহ সংসদ সদস্য ও মন্ত্রীদের বসার জন্য একটি কক্ষ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এই কক্ষের নাম হবে ‘পরিদর্শন কক্ষ’। কারণ, সংসদ সদস্যদের নামে কক্ষ বরাদ্দ দেওয়ার বিধান নেই। সংসদ সদস্যরা সেখানে বসে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং সাধারণ মানুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও সময় কাটাতে পারবেন। কোনো সংসদীয় আসনে একাধিক উপজেলা থাকলে সব উপজেলাতেই ওই সংসদ সদস্যের জন্য অফিস থাকবে, যেখানে তিনি বসতে পারবেন।
আরএন