মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় আত্মহত্যার চেষ্টা করা এক জেলেকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৪ এপ্রিল) ভোররাতে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ৩টা ৫৭ মিনিটের দিকে উপজেলার উত্তর মেদিনীমণ্ডল এলাকায় আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে জলিল ব্যাপারী গলায় রশি দিয়ে গাছের ডালের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন।
তিনি আরও জানান, পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়িতে গিয়ে তিনি এ চেষ্টা চালান। স্থানীয়রা তাকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। ফায়ার সার্ভিসের সদস্যরা কৌশলে বুঝিয়ে গলার ফাঁস খুলে তাকে নিরাপদে নামান।
উদ্ধারের পর তাকে পদ্মা সেতু উত্তর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার বাসিন্দা ও মো. রাজ্জাক ব্যাপারীর ছেলে।
এমএইচ/আরএন