ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনকে কেন্দ্র করে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষা কার্যক্রম সচল রাখতে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় ঢাকাসহ সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে ক্লাস পরিচালনা করা হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এখনো আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে জানানো হয়নি। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে মোট ছয় দিন ক্লাস অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিন দিন শিক্ষার্থীরা সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে ক্লাস করবে এবং বাকি তিন দিন অনলাইনে পাঠদান চলবে।
এছাড়া ক্লাসের সময়সূচি নির্ধারণে জোড়-বিজোড় তারিখ অথবা রোল নম্বরভিত্তিক পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
তবে অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকদের সশরীরে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে সেখান থেকেই পাঠদান পরিচালনা করতে হবে। বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অবশ্যই অফলাইনে ল্যাবে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতেই সপ্তাহে ছয়দিন ক্লাশ নেওয়ার সিদ্ধান্ত। তবে জ্বালানি সংকট ঘনীভূত হওয়ায় যাতায়াত ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে তিনদিন অনলাইন মাধ্যমকে বেছে নেওয়া হয়েছে। আপাতত এটি পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে।
আজ সকালে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন সচিবালয়ে সাংবাদিকদের জানান, জ্বালানি সংকট মোকাবিলায় অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমকে সমন্বিত করার চিন্তাভাবনা করছে সরকার।
এসআর