রাজধানীর মগবাজারে আলোচিত ‘নবীন ফ্যাশন’ পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। এ ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে তলব করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে দোকানটি খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফৌজদারি কার্যবিধির ২৫ ধারা অনুযায়ী জাস্টিস অব পিস হিসেবে স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
আদেশে উল্লেখ করা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন প্রতিবেদনে দেখা গেছে—মগবাজারের বিশাল সেন্টার মার্কেটে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল ব্যক্তি পুলিশসহ উপস্থিত হয়ে দোকানটি বন্ধ করে দেয়। এ সময় কয়েকজনকে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা গেলেও ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এ ঘটনায় আদালত মন্তব্য করেন, পুলিশের এমন নির্লিপ্ততা জনমনে ভীতি সৃষ্টি করতে পারে। কেন এ ধরনের আচরণ আইনবহির্ভূত ও পেশাদারিত্ববিরোধী হিসেবে ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে হাতিরঝিল থানার ওসিকে আগামী তিন দিনের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ‘নবীন’ ব্র্যান্ডের পাঞ্জাবির দোকানটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে খুলে দেওয়ার জন্যও ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, ঈদুল ফিতরের আগের দিন গত ২০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা রাজধানীর মগবাজারে ‘নবীন ফ্যাশন’-এর দোকান বন্ধ করে দেয়। কম দামে পণ্য বিক্রিকে ‘রিলিফ দেওয়ার’ সঙ্গে তুলনা করে আপত্তি জানান প্রতিবেশী দোকানদাররা। এ সময় পুলিশের উপস্থিতিও দেখা গেছে।