সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ঢুকে সভাপতি সামিউল মনিরের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে যুবদলের অর্ধশতাধিক নেতা-কর্মী।
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব ভবনে এ হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তাকে মারতে মারতে ভবনের বাইরে নিয়ে যায়। হামলার শিকার সামিউল মনির সমকাল ও দৈনিক পত্রদূতের শ্যামনগর উপজেলা প্রতিনিধি।
তাৎক্ষণিক খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও অভিযান চলছে।
প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকরা জানান, সোমবার দুপুরে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুবদল নেতা মিজান, মফু খাঁসহ নেতাকর্মীরা বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘শ্যামনগরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে একটি মিছিল বের করেন। মিছিলটি প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধনে অংশ নেয়। এ সময় প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন তারা।
মানববন্ধনের একপর্যায়ে হঠাৎ করে যুবদলের সদস্য সচিব আঙ্গুর, বাবলু, মিজান, মতলেবসহ ২৫-৩০ জন নেতাকর্মী প্রেসক্লাব ভবনে ঢুকে সেখানে অবস্থানরত সভাপতি সামিউল মনিরের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় অন্যান্য সাংবাদিকদের সঙ্গেও ধাক্কাধাক্কি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা সভাপতিকে মারতে মারতে প্রেসক্লাব ভবনের বাইরে নিয়ে যায় এবং ইট, হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। আহত মনিরকে তাৎক্ষণিক শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকির হোসেন জানান, তার মাথার বাম পাশে শক্ত বস্তু দিয়ে গুরুতর আঘাত করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি ও লোহার রডের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও গ্রেপ্তারের অভিযান চলছে।
প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি সমকালে ‘যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরকে। এরই জেরে আজ এই হামলার ঘটনা ঘটে।
এমজেডআর/আরএন