ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সেবা প্রদানে নগরবাসীর আস্থা অর্জনই হবে আমার প্রধান কাজ: ডিএসসিসি প্রশাসক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৪ পিএম
X

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ–২০২৪-এর ২৫ক ধারার উপধারা (১)-এর অনুবৃত্তিক্রমে সরকার গত ২২ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ডিএসসিসির পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। অধ্যাদেশের ২৫ক ধারার উপধারা (৩) অনুযায়ী তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার সকালে নবনিযুক্ত প্রশাসক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর কাছে যোগদানপত্র পেশ করেন। এরপর তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা, মশক নিধন কার্যক্রম জোরদার করা এবং ঢাকাকে একটি পরিবেশবান্ধব ‘সবুজ শহর’ হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে এ সংক্রান্ত একটি কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশনাও দেন তিনি।

এছাড়া প্রশাসক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

দুপুর ২টায় নবনিযুক্ত প্রশাসক শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে তিনি নগর ভবনে পৌঁছালে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন।

এ সময় কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, “সেবা প্রদানের মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জনই হবে আমার প্রধান কাজ। ঢাকা মহানগরীতে সমস্যা অনেক। আমি জনগণের সহযোগী হিসেবে এসব সমস্যা সমাধানে কাজ করতে চাই। পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলা, মশক নিধন এবং বাসযোগ্য নগরী নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন, তা কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। নগরবাসীর অভাব-অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। যেসব বড় সমস্যা আমাদের এখতিয়ারের বাইরে, সেগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।”

শেষে তিনি সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে একটি জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করাই তার লক্ষ্য।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝