পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকির (অতিরিক্ত আইজিপি)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ সরকারের আমলে তাকে একবার চাকরিচ্যুত করা হয়। পরে বিএনপি সরকারের সময় তিনি চাকরি ফিরে পান। এরপর আবার আওয়ামী লীগ সরকারের আমলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান। পরবর্তীতে সুপারনিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পান।
আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাটে। ১৯৯৭ সালে শেখ হাসিনার প্রথম মেয়াদে তিনি আওয়ামী রোষানলের শিকার হন। সে বছরই তাকে বরখাস্ত করা হয়। পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে তিনি আইনি প্রক্রিয়ায় চাকরি ফিরে পান।
কর্মজীবনে তিনি একজন চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিতি পান। এসপি হিসেবে একাধিক জেলায় দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০৮ সালে ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) হিসেবে দায়িত্বে ছিলেন। এরপর তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যান। সেখান থেকে দেশে ফেরার পর তাকে রাজশাহী ডিআইজি কার্যালয়ে এসপি হিসেবে সংযুক্ত করা হয়। সেখানে কর্মরত অবস্থায় ২০২২ সালে শেখ হাসিনার সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।
আরএন