পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির এক ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে ঈশ্বরদী পৌর ও উপজেলা যুবদলের ৬ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয়তাবাদী যুবদলের নিজস্ব প্যাডে কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন—ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম রিপন, আক্তারুজ্জামান রাজু, এনামুল হক আতিয়ার, মো. মাহমুদ হাসান সোনামণি এবং সদস্য মতিউর রহমান।
বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা দ্য ডেইলি অবজারভারকে জানান, দলের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী দল-মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে থাকতে হবে এবং কোনো বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট চাওয়া যাবে না। সে কারণেই কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ঈশ্বরদীর ৬ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে স্থানীয় যুবদলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ না নিয়ে যুবদলের ওই ছয় নেতা বিএনপি থেকে বহিষ্কৃত এক বিদ্রোহী প্রার্থীর পক্ষে নিয়মিত প্রচারণা চালিয়ে আসছিলেন। এ পরিপ্রেক্ষিতে যুবদলের কেন্দ্রীয় কমিটির তিন সদস্যের একটি টিম রোববার (১ ফেব্রুয়ারি) ঈশ্বরদী উপজেলায় সরেজমিন তদন্তে আসে। তদন্ত শেষে তারা ঢাকায় ফিরে যান। পরে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই ছয় নেতাকর্মীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
স্থানীয় যুবদলের নেতাকর্মীদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে যুবদল কেন্দ্রীয় কমিটির প্যাডে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এমএইচ/আরএন