ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চাঁদাবাজিকে কেন্দ্র করেই মোসাব্বিরকে হত্যা: ডিবি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৩:২৮ পিএম আপডেট: ২৬.০১.২০২৬ ৫:২৫ পিএম
X

স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে রাজধানীর কারওয়ান বাজারকেন্দ্রিক চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই হত্যা করা হয়েছে।

শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিবির প্রধান শফিকুল ইসলাম এ তথ্য জানান।

ডিবির প্রধান জানান, কারওয়ান বাজার এলাকায় প্রকাশ্যে ও গোপনে চাঁদা আদায়ের জন্য ৮ থেকে ৯টি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এই চাঁদাবাজির নিয়ন্ত্রণ ও অর্থের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরেই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। বিদেশে পলাতক আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী দিলীপ ওরফে ‘বিনাশ’-এর নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।

শফিকুল ইসলাম বলেন, ‘চাঁদাবাজদের কোনো নির্দিষ্ট দল নেই। কারওয়ান বাজারের মতো বড় কাঁচাবাজারে দখল-বাণিজ্য টিকিয়ে রাখতে তারা বিভিন্ন সময় রাজনৈতিক ব্যানারের আশ্রয় নেয়।’

৭ জানুয়ারি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের পাশের একটি গলিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তর সিটি ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক মোসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িত অন্যতম প্রধান শুটার মো. রহিমকে শুক্রবার নরসিংদীর মাধবদী থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।

রহিমের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১২টি গুলি।

এর আগে ১১ জানুয়ারি এই মামলার আরও চার আসামি—জিন্নাত, আবদুল কাদির, মো. রিয়াজ ও মো. বিলালকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে হত্যাকাণ্ডে জড়িত মোট পাঁচজন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, রহিম ও জিন্নাত নামের দুজন সরাসরি গুলি চালাতে অংশ নেয়। গ্রেপ্তারের পর একজন আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যেখানে ‘দাদা’ বা বিনাশের নির্দেশনার বিষয়টি উঠে এসেছে। বিনাশ বর্তমানে দেশের বাইরে থাকলেও তাঁর নাম ভাঙিয়ে কারওয়ান বাজারে নিয়মিত চাঁদা তোলা হয়।

সংবাদ সম্মেলনে ডিবির প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কারওয়ান বাজারের এই ৮-৯টি চাঁদাবাজ সিন্ডিকেট আমরা অচিরেই ভেঙে দেব। শিগগিরই সেখানে বিশেষ অভিযান শুরু করা হবে।’ তিনি আরও জানান, সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে পুলিশ সতর্ক রয়েছে এবং গত এক মাসে সর্বোচ্চ ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝