ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হলফনামায় দ্বৈত নাগরিকত্ব গোপন করেছেন দুই প্রার্থী: টিআইবি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৪:৩১ পিএম আপডেট: ২৫.০১.২০২৬ ১১:০২ এএম
X

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকজন প্রার্থী তাদের হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ও সম্পদের তথ্য গোপন করেছেন। এর মধ্যে অন্তত দুজন প্রার্থী ব্রিটিশ নাগরিক হওয়া সত্ত্বেও হলফনামায় সে তথ্য উল্লেখ করেননি।

টিআইবির ‘নির্বাচনি হলফনামায় প্রার্থী পরিচিতি: ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির বিভিন্ন দিক তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও সংস্থাটির কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

তবে দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপন করা দুই প্রার্থীর নাম উল্লেখ করেনি টিআইবি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, তাদের নীতিমালা অনুযায়ী এই ধরনের তথ্য প্রকাশ করতে বাধ্য নন। তবে যে তথ্য তারা প্রকাশ করেননি, সেই তথ্য টিআইবির কাছে আছে। তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন।

হলফনামায় তথ্য গোপন করার বিষয়ে টিআইবির প্রতিবেদনে আরও বলা হয়, একজন প্রার্থীর ঘোষিত নির্ভরশীলদের নামে ২০১৩ সালে যুক্তরাজ্যে কেনা এক দশমিক ৪ মিলিয়ন পাউন্ড (২১০ কোটি টাকা) মূল্যের বাড়ির সম্পৃক্ততার তথ্য রয়েছে, যা ওই প্রার্থীর হলফনামায় উল্লেখ করা হয়নি। নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী বাড়িটি কেনার ক্ষেত্রে ‘শেল’ কোম্পানির আশ্রয় নেওয়া হয়েছিল, যার মূল মালিকানা কোম্পানির নিবন্ধন দেখানো হয়েছে দুবাই।

টিআইবি বলছে, একজন প্রার্থী বিদেশে তার নিজের কোনো সম্পদের তথ্য না দিলেও স্ত্রীর নামে দুবাইয়ে ফ্ল্যাটের মালিকানা রয়েছে। একজন প্রার্থী বিদেশে তিনটি ফ্ল্যাটের মালিকানা থাকার ঘোষণা দিলেও প্রকৃত সংখ্যাটি কমপক্ষে তিন গুণ এবং বিনিয়োগের সম্ভাব্য পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা। আরেকজন প্রার্থী বিদেশে নিজস্ব মালিকানায় কোনো ব্যবসাপ্রতিষ্ঠান থাকার কথা স্বীকার না করলেও অনুসন্ধানে মোট ১১টি প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে আটটি বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত।

এছাড়া একজন প্রার্থীর ‘কর স্বর্গে’ কোম্পানির নিবন্ধন থাকার পুরোনো তথ্য অনেকটা প্রকাশিত থাকলেও এ বিষয়ে হলফনামায় কোনো ঘোষণা দেখা যায়নি বলে জানিয়েছে টিআইবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী প্রায় ২ হাজার। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। একই দিনে হবে গণভোট।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝