ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
যুক্তরাজ্য মিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম
X

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্য মিশনে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ওমর বিন হাদি।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগকালীন সময়ে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না। নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বাস্থ্য প্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক বৃহস্পতিবার এ প্রজ্ঞাপনে সই করেন।

সূত্র জানায়, বর্তমানে এ মিশনে দ্বিতীয় সচিব পদ নেই। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কূটনীতিক বলেন, পদ না থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয় যখন নিয়োগ দেয় তখন অটোমেটিক সেখানে পদ সৃষ্টি হয়ে যায়।

শরিফ ওসমান হাদি ২০২৪ সালের ছাত্র-জনতা অভ্যুত্থানের একজন সম্মুখ সারির নেতা ছিলেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করেন এবং সংগঠনটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আসন্ন জাতীয় নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণাকালে রাজধানীর পুরানা পল্টনের পল্টন মডেল থানার বক্স কালভার্ট সড়কে রিকশায় থাকা অবস্থায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। আহতাবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে গত ১৫ ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝