মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, মাছরাঙা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সাংবাদিক বাছির উদ্দিন জুয়েল (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার বিকেল ৫টার দিকে তিনি বুকে অস্বাভাবিক ব্যথা অনুভব করেন। পরে সহকর্মীদের সহায়তায় স্থানীয় একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। রাতে আবার অসুস্থতা বাড়লে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত দেড়টার দিকে তিনি ইন্তেকাল করেন।
মরহুম বাছির উদ্দিন জুয়েল স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সোমবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহর জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর নিজ গ্রামের বাড়ি টঙ্গীবাড়ি উপজেলার বাহেরপাড়ায় স্থানীয় মসজিদের সামনে দ্বিতীয় জানাজা শেষে সামাজিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
এর আগে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবে তার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম করা হয়।
দাফনের আগে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
তার মৃত্যুতে মুন্সীগঞ্জের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন এবং স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এমএইচ/এমএ