ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন।
দু’জন ভোটারের তথ্য যাচাইয়ে গরমিল পাওয়া গেছে উল্লেখ করে তাসনিম জারা বলেন, ওই দু’জনের মধ্যে একজনের জানার কোনো উপায় ছিল না যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার নন। আর অন্যজনের ক্ষেত্রে যে গরমিল ধরা পড়েছে, তার কাছে থাকা এনআইডির হার্ড কপিতে দেওয়া ঠিকানা অনুযায়ী তিনি মনে করতেন যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার। তবে নির্বাচন কমিশনের তথ্যে দেখা গেছে, তিনি এ আসনের ভোটার নন।
গত ২৭ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পর ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম জারা। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে তিনি এ সিদ্ধান্ত নেন।
এসএস/আরএন