গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২২৫ শিশু আক্রান্ত হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি।
রোববার (৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৩৮ শিশু। এ সময়ে নতুন করে ১ হাজার ১১৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৯২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৭ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮২।
এদিকে, একই সময়ের মধ্যে সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জনে। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৪৪২ জনের। আক্রান্তদের মধ্যে মোট ২ লাখ ১২ হাজার ৯৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ৪ হাজার ৪৯ জন বাড়ি ফিরেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এসএস