নেত্রকোনার মদনে ২০ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব। এ সময় নারীসহ তিন কারবারিকে আটক করা হয়। মঙ্গলবার সকালে উপজেলার উচিতপুর বাজারে র্যাব-১৪ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পরে মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার সকালে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বুধবার গ্রেপ্তারকৃতদের নেত্রকোনার আদালতে পাঠানো হবে।
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ধজনগর গ্রামের মিলন মিয়ার মেয়ে সালমা আক্তার (৩৪), একই এলাকার চাঁন মিয়ার মেয়ে মিনা বেগম (৪৬) ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার লালপুর গ্রামের আলী আজমের ছেলে মোঃ হৃদয় হাসান (২৪)।
মামলার এজহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নৌপথে এসে উচিতপুর ট্রলার ঘাটে নামেন মাদক কারবারিরা। এখান থেকে নেত্রকোনার দিকে রওয়ানা দেন। এদিকে গোপন সংবাদ পেয়ে য়মনসিংহ র্যাব-১৪ সকালে এসে উচিতপুর অবস্থান নেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে কারবারিরা পালানোর চেষ্টা করেন। এ সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতদের তল্লাশি চালিয়ে সালমা আক্তারের সাথে থাকা একটি ট্রাভেল ট্রলি ব্যাগ থেকে চারটি প্যাকেটে ১০কেজি গাঁজা, হৃদয় হাসানের কাছ থেকে একটি বাজারের ব্যাগে তিনটি প্যাকেট সাড়ে ৭কেজি গাঁজা ও মিনা বেগমের কাছে টাকা একটি স্কুল ব্যাগের একটি পকেটে আড়াই কেজি গাঁজা পাওয়া যায়। পরে এগুলো জব্দ করে মদন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ময়মনসিংহ র্যাব-১৪ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেন। বুধবার দুপুরে মদন থানা পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করেন।
সুজাদুল ইসলাম ফারাস/এসএ