
সংগৃহীত ছবি
দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়। পরে উপাচার্য চত্বর থেকে টিএসসি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। কর্মসূচিতে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি গ্রহণের সময় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ এবং এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিয়মিত কার্যকর অভিযান চালানোর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে গত ৪ আগস্ট দেওয়া স্মারকলিপিতে ডাস্টবিন স্থাপন ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার যে দাবি জানানো হয়েছিল, তা বাস্তবায়নের জন্যও প্রশাসনকে তাগাদা দেওয়া হয়েছে।
সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস জানান, ছাত্রদল নিজেদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিয়ে বিভিন্ন কর্মসূচি চালাবে। প্রশাসন ও হল প্রশাসন শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বড় পরিসরে কর্মসূচি নিলে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।
তিনি আরও জানান, আগামীকাল থেকে সংগঠনের হল শাখাগুলো সংশ্লিষ্ট হল প্রশাসনের কাছে স্মারকলিপি দেবে এবং আবাসিক শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করবে।
এসএস