নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবেশে দুই ছিনতাইকারীর হাতে ব্যাটারিচালিত ভ্যান হারিয়ে কান্নায় ভেঙে পড়েছিল ১৪ বছরের কিশোর রেজোয়ান হোসেন। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন হারানোর সেই মর্মস্পর্শী দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে সৈয়দপুর উপজেলা প্রশাসনের।
খবর পেয়ে রেজোয়ানের সঙ্গে যোগাযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। তিনি রেজোয়ানকে নতুন একটি ব্যাটারিচালিত ভ্যান দেওয়ার পাশাপাশি তার পড়াশোনার খরচ এবং পরিবারের জন্য এককালীন আর্থিক সহায়তারও আশ্বাস দিয়েছেন।
রেজোয়ানের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দূরাকুটি গ্রামের উত্তরপাড়ায়। বাবা আব্দুস সোবহান পেশায় ভ্যানচালক। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। বাবার অসুস্থতায় দুই-তিন বছর ধরে ভ্যান চালিয়ে পরিবারের জীবিকার হাল ধরে রেখেছিল কিশোর রেজোয়ান।
স্থানীয় বাসিন্দা মাহবুবার রহমান জানান, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রংপুরের তারাগঞ্জ বাজার থেকে দুই ব্যক্তি সৈয়দপুরের একটি বাসায় মালামাল পৌঁছে দেওয়ার কথা বলে রেজোয়ানের ভ্যান ভাড়া করেন। সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের চেকপোস্ট এলাকায় পৌঁছে তারা রেজোয়ানকে রাস্তার অপর পাশের একটি দোকান থেকে পান আনতে পাঠায়। রেজোয়ান পান নিয়ে ফিরে এসে দেখে, যাত্রীবেশী ওই দুই ব্যক্তি ভ্যানসহ উধাও। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও ভ্যানের কোনো সন্ধান মেলেনি। জীবিকার একমাত্র সম্বল হারিয়ে কান্নায় ভেঙে পড়ে কিশোর। তার কান্নার দৃশ্য ও ভ্যান ছিনতাইয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেই নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন।
ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা জানান, রেজোয়ান যাতে আবার নিজের পায়ে দাঁড়াতে পারে, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে একটি নতুন ব্যাটারিচালিত ভ্যান উপহার দেওয়া হবে। ভ্যানটি তৈরির কাজ প্রায় শেষের দিকে এবং আগামী সোমবার সেটি রেজোয়ানের হাতে তুলে দেওয়া হবে। এ ছাড়া তার পড়াশোনার খরচ ও পরিবারের অন্যান্য সমস্যা সমাধানেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এদিকে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ছিনতাইয়ের ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
এফএস