ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাত দিনে ২৫টি প্রতিষ্ঠানকে ৬৭ লাখ টাকা জরিমানা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৪:৩৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সারাদেশে ২৫টি প্রতিষ্ঠানকে ৬৭ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একই সঙ্গে ২৫টি মামলাও করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে গত সাত দিনে এসব জরিমানা ও মামলা করা হয়েছে। 

রোববার (২৩ আগস্ট) প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দেশব্যাপী নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর প্রয়োগ, মনিটরিং কার্যক্রম, জনসচেতনতামূলক কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত।

এরই ধারাবাহিকতায় গত ১৬ থেকে ২২ আগস্ট এক সপ্তাহে রাজধানী ঢাকা, দেশের বিভিন্ন জেলায় পরিচালিত অভিযান এবং বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত সামারি ট্রায়ালের মাধ্যমে সবমিলিয়ে ২৫টি প্রতিষ্ঠানকে ৬৭ লাখ টাকা জরিমানা আদায় এবং ২৫টি মামলা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং চট্টগ্রাম মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য অফিসারের উপস্থিতিতে পরিচালিত সামারি ট্রায়ালে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে প্রতিষ্ঠানসমূহে অনিয়মের প্রমাণ পাওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুসারে মোট ৪০ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং চারটি মামলা করা হয়।

এই সময়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বাস্তবায়নে ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট সাতটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা এবং তিনটি মামলা করা হয়েছে।

এছাড়া ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলায়ও নিরাপদ খাদ্য আইন অনুসারে অভিযান চলমান। ১৬ থেকে ২২ আগস্ট পর্যন্ত পাবনা, বগুড়া, মাদারীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, ফরিদপুর, গাজীপুর, চট্টগ্রাম, নীলফামারী, লক্ষ্মীপুর ও মানিকগঞ্জে মোট ১৫টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে মোট ২৪ লাখ টাকা জরিমানা আদায় এবং ১৫টি মামলা করা হয়েছে।

অন্যদিকে, গত ১৭ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং নিরাপদ খাদ্য অফিসারের উপস্থিতিতে পরিচালিত সামারি ট্রায়ালে কোনো জরিমানা আরোপ না করলেও তিনটি নিয়মিত মামলা করা হয়।

আইন প্রয়োগের পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে খাদ্যস্থাপনা মনিটরিং কার্যক্রমও জোরদার করা হয়েছে। এই সময়ে বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান, খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসহ মোট ২২০টি খাদ্যস্থাপনায় মনিটরিং পরিচালনা করা হয়। মনিটরিং কার্যক্রমের মাধ্যমে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবেশন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে নিরাপদ খাদ্যবিধি অনুসরণের বিষয়টি তদারকি করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশনা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এছাড়া, স্বাস্থ্যকর খাদ্যনীতি প্রণয়ন ও বাস্তবায়ন, খাদ্যে সোডিয়ামের পরিমাণ হ্রাস, ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং, স্বাস্থ্যকর খাদ্য পরিবেশ নিশ্চিতকরণ এবং অসংক্রামক রোগ প্রতিরোধে চলমান কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিত করার লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আরইসিএপি মিশনের সঙ্গে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ আগস্ট বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএফএসএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলাম। সভায় স্বাস্থ্যকর খাদ্য পরিবেশ নিশ্চিতকরণ এবং অসংক্রামক রোগ প্রতিরোধে খাদ্যনীতি ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা বাস্তবায়নে বিএফএসএ ও ডব্লিউএইচও’র চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

একই সময়ে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সময়ে বাংলাদেশ টেলিভিশনে ট্রান্সফ্যাটবিষয়ক বার্তা ১৪ মিনিট টিভিসি প্রচারের পাশাপাশি ৪২ বার স্ক্রলবার্তা প্রচার করা হয়েছে এবং বাংলাদেশ বেতারে নিরাপদ খাদ্যবিষয়ক তিনটি পৃথক বার্তা ৩৫ মিনিট প্রচারিত হয়েছে।

এসব প্রচারণার মাধ্যমে নিরাপদ খাদ্য গ্রহণ, স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদন ও বিপণন এবং ভোক্তার করণীয় বিষয়ে জনগণকে সচেতন করা হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি, রিলস ও ভিডিওর মাধ্যমে নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক বার্তা নিয়মিত প্রচার করা হচ্ছে।

চলমান এসব কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু আইন প্রয়োগের বিষয় নয়; এটি জনস্বাস্থ্য সুরক্ষা ও একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই আইন লঙ্ঘনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি খাদ্য ব্যবসায়ী ও উৎপাদকদের দায়িত্বশীল আচরণে উৎসাহিত করা, নিয়মিত মনিটরিং, গবেষণা এবং জনসচেতনতা কার্যক্রমকে আমরা সমান গুরুত্ব দিচ্ছি।

তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি প্রতিরোধমূলক উদ্যোগ আরও জোরদার করা হবে। জনগণের নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত ও কার্যকরভাবে পরিচালিত হবে।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝