ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন নতুন সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
১৯৮০ সালের ২৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা শামীম কায়সার লিংকন ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে স্থানীয় রাজনীতিতে অল্প বয়সেই তিনি শক্ত অবস্থান তৈরি করেন।
২০০৬ সালের উপনির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শামীম কায়সার লিংকন।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুর রহিম সরকারকে ২ হাজার ১১২ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন।
এবারের নির্বাচনে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে একমাত্র শামীম কায়সার লিংকনই বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন।
শপথ নেওয়ার আগে শুক্রবার বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, জানা-অজানা অসংখ্য মানুষের দু’আ, অশ্রু ও চেষ্টার ফলাফল।’
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর এবার সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্বও পেলেন শামীম কায়সার লিংকন।