প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ছয় মাস পূর্তির সময় মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণ করা হয়েছে। এতে বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণের পর নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি তাদের শপথবাক্য পাঠ করান।
বান্দরবানের রাজপরিবারের সন্তান সাচিং প্রু জেরী
সাচিং প্রু জেরী বান্দরবানের বোমাং সার্কেলের রাজপুত্র। বর্তমানে তিনি বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য বান্দরবান আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন সাচিং প্রু জেরী। দীর্ঘ বিরতির পর ২০২৬ সালের নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
সাচিং প্রু জেরীর বাবা অং শৈ প্রু চৌধুরী। তার মামি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য মা ম্যা চিং সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন।
মন্ত্রিসভা সম্প্রসারণের মধ্য দিয়ে এবার প্রথমবারের মতো পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেলেন বান্দরবানের এই সংসদ সদস্য।
আরএন