ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
‘তরুণদের জ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও মানবিক মূল্যবোধে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে’
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:০০ পিএম
X

নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে দুই দিনব্যাপী প্রকৌশল গবেষণা ও প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে। শুক্রবার রাতে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক এ ধরনের সম্মেলন গবেষক ও শিক্ষাবিদদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন প্রযুক্তি উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, বর্তমান সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণের কার্যক্রম শুরু করেছে। প্রয়োজন হলে সরকার গবেষণা এবং গবেষণার ব্যবহারিক প্রয়োগে পৃষ্ঠপোষকতা করবে। সম্মেলনে উপস্থাপিত গবেষণাপত্র থেকে প্রয়োজনীয় ধারণা গ্রহণ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সরকার কাজ করবে।

তরুণদের উদ্দেশে ফারজানা শারমীন বলেন, জ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও মানবিক মূল্যবোধকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান বলেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। একই সঙ্গে দেশি-বিদেশি গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে আন্তঃবিষয়ক গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ আরও জোরদার হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক প্রকৌশল গবেষণা ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় এ সম্মেলন একটি মাইলফলক হয়ে থাকবে।

সমাপনী অনুষ্ঠানে বাউয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. মো. ওসমান গনির সভাপতিত্বে বক্তব্য দেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান। বিশেষ অতিথি ছিলেন জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কো ইয়ামাদা।

এ ছাড়া বক্তব্য দেন সম্মেলনের সাধারণ সভাপতি বুয়েটের তড়িৎ ও তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ এবং কারিগরি কর্মসূচির সভাপতি একই বিভাগের অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ।

বাউয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সিগন্যাল প্রসেসিং, ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড সিস্টেমসহ বিভিন্ন বিষয়ে ১৮টি দেশের ১০৯টি বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত ৩২৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।


এমএ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝