বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে ঘাটতির কারণে দুঃখপ্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, ‘আমাদের বিদ্যুৎ ও জ্বালানি খাতে চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি রয়েছে। এজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি দুঃখপ্রকাশ করছি।’
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে গ্যাস সংকটের অন্যতম কারণ হলো ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে থাকা। এফএসআরইউর একটি বয়লারের কার্যক্রম শুরু করা হয়েছে। তবে পুরো এফএসআরইউ চালু করতে হলে বর্তমানে যে বয়লারে উৎপাদন চলছে, সেটিও বন্ধ রাখতে হবে। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।
তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহে ঘাটতি রয়েছে। তবে দীর্ঘমেয়াদি সংকট সমাধানে সরকার কাজ করে যাচ্ছে।
সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ জ্বালানি বিশেষজ্ঞ, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।