মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী সামরিক হেলিকপ্টার ওয়াশিংটনের আকাশে একটি যাত্রীবাহী বিমানের খুব কাছাকাছি চলে গিয়েছিল বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। এমন দাবির পরিপ্রেক্ষিতে আসলেই এমনটি ঘটেছিল কি না, তা নিয়ে তদন্ত করছে মার্কিন কর্তৃপক্ষ। তবে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট কখনই বিপদে ছিলেন না।
বিষয়টির সঙ্গে পরিচিত দুই ব্যক্তির বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৪ আগস্ট) বিমান নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগে গোলযোগের কারণে ওয়াশিংটনের আকাশে মেরিন ওয়ান হেলিকপ্টারটি একটি যাত্রীবাহী বিমানের এক মাইলেরও কম দূরত্বে চলে আসে।
এনডিটিভির খবরে বলা হয়, মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, ৪ আগস্ট ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করা একটি বাণিজ্যিক বিমান ও মেরিন ওয়ানের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় না থাকার ঘটনা তারা তদন্ত করছে।
এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেসাই বলেন, ‘মেরিন ওয়ানের ফ্লাইটগুলো বিশ্বের সেরা কিছু বৈমানিক দ্বারা চালিত হয় এবং কোনো সময়েই প্রেসিডেন্ট বিপদের মুখে ছিলেন না।’ মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, নিরাপদ দূরত্ব বজায় না থাকার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলার বাণিজ্যিক বিমানের পাইলট এবং মেরিন ওয়ানের পাইলট- দুজনের সঙ্গেই যোগাযোগে ছিলেন।
এফএএ আরও বলেছে, ‘প্রেসিডেন্ট কখনোই বিপদের মধ্যে ছিলেন না। আমরা ঘটনাটি পর্যালোচনা করছি এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেয়া হবে।’ ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের পরিস্থিতিতে নিরাপত্তা বিধি অনুযায়ী দুটি উড়োজাহাজের মধ্যে আনুভূমিকভাবে অন্তত ১.৫ মাইল এবং উল্লম্বভাবে ৫০০ ফুট দূরত্ব থাকা প্রয়োজন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঘটনাটি স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ঘটেছিল এবং সেই সময়ে আমেরিকান এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান এনভয় এয়ার দ্বারা পরিচালিত একটি এমব্রায়ার ই-১৭০ হেলিকপ্টার উড্ডয়ন করে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর প্রায় আড়াইটার দিকে ঘটনাটি ঘটে। ওই সময় আমেরিকান এয়ারলাইনসের সহযোগী সংস্থা এনভয় এয়ার পরিচালিত একটি এমব্রায়ের ই-১৭০ উড়োজাহাজ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। অন্যদিকে, মেরিন ওয়ান যাচ্ছিল অ্যান্ড্রুজ বিমানঘাঁটির দিকে। সেখানে ট্রাম্প তার প্রেসিডেন্টের বিমান নিয়ে ক্যালিফোর্নিয়ার উদ্দেশে রওনা হন।
আমেরিকান এয়ারলাইনস এবং মেরিন ওয়ান পরিচালনাকারী মার্কিন মেরিন কর্পস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ২০২৫ সালের জানুয়ারিতে ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে একটি যাত্রীবাহী বিমান ও মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষে ৬৭ জন নিহত হওয়ার পর রাজধানীর বিমানবন্দরের আশপাশে উড্ডয়ন নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে এফএএ।
এসএ