ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতা আরও বাড়াতে জনপ্রশাসন উপদেষ্টাকে সভাপতি করে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বিদ্যমান আইনগত, নীতিগত ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুপারিশ দিতে বলা হয়েছে।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্রসচিব, অর্থ বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবকে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বিদ্যমান আইনগত, নীতিগত ও প্রাতিষ্ঠানিক সমস্যাগুলো পর্যালোচনা করে তা নিরসনে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহায়ক ব্যবস্থা, উপকরণ ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করতেও সুপারিশ প্রদান করবে কমিটি।
প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা কিংবা বিশেষজ্ঞদের সভায় আমন্ত্রণ জানাতে পারবে কমিটি। কমিটি প্রয়োজনমতো সভা করবে এবং মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
এসআর